মোহাম্মদপুরে চাঁদা দাবির মামলা: বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেফতার

0
untitled-1-copy-20260902094411

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম। 

তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। গত ৩১ আগস্ট বিকাল ৫টার দিকে পিন্টুসহ আরও কয়েকজন সেখানে গিয়ে সমিতির সদস্যদের কাছে চাঁদা দাবি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. বেলায়েত হোসেনের অভিযোগ, পিন্টুসহ অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময়ে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। একই সঙ্গে চাঁদা না দিলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এজাহারে বলা হয়, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে নগদ ৫ লাখ টাকা দিতে হবে বলে জানান তারা। তবে সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কার্যালয়ে ভাঙচুর চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে মামলার বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সেক্রেটারি জহির হোসেন এবং ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে এর আগে অন্তত আটটি মামলা রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজ হিসেবে তার নাম ৮ নম্বরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!