আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগ পুনর্গঠনের আলোচনায় রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন জাহেদ উর রহমান।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পরও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
‘ফ্যাসিবাদী’ দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জুলাই আন্দোলনকারীদের দাবি। তাদের দাবির মুখেই ২০২৫ সালে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।
তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের বৈধতার প্রশ্নে গতকালই হাইকোর্টে একটি রিট আবেদন হয়।
পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের পর শুরু হয় দলটি পুনর্গঠনের আলোচনা।
জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে সরকার ফিরিয়ে আনতে চায় কি না—এ নিয়ে কেউ কেউ যে ধরনের অনুমান করছেন, তা সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে, এমন কোনো কৌশল সরকারের নেই। ভারত সরকারের সঙ্গে বিষয়টি শর্ত হিসেবে দেওয়া হয়েছিল এবং সেটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছিল।’
তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলছি, আপনি (শেখ হাসিনা) আসবেন না, আপনাকে ধরে নিয়ে আসতে চাই।
আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না।’
জাহেদ উর রহমান বলেন,‘ টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’
