দুদকের মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

0
beda5b06f6373a7161fd862d6b85a773-6aa7b2bd1239b

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ আদালতে সাহেদের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী দবির উদ্দিন। তবে এ আবেদনের ওপর আজ শুনানি হয়নি।

আইনজীবী দবির উদ্দিন বলেন, মামলার পরবর্তী ধার্য তারিখ ২৭ সেপ্টেম্বর। সেদিন জামিন আবেদনের ওপর শুনানি হবে। একই দিন অভিযোগ গঠন বিষয়েও শুনানি হবে।

এ মামলায় সাহেদের স্ত্রী সাদিয়া আরবী জামিনে আছেন। তিনি ১ সেপ্টেম্বর জামিন পান।

নথি অনুযায়ী, ২০২১ সালের ৭ মার্চ মামলাটি করে দুদক। তদন্ত শেষে ২০২৪ সালের ১০ জানুয়ারি সাহেদ ও তাঁর স্ত্রী সাদিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছিলেন সাহেদ। গত ২০ জুলাই তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।

করোনা মহামারির সময় নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে আলোচনায় আসেন সাহেদ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৫টির বেশি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!