মাটি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার দুজন কারাগারে
লক্ষ্মীপুর প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোব) রাতে নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন জনের নামে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এর আগে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আটক করে।
পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ও মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরো ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করে বলে জানা যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদ দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খোরশেদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে
