প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন : কিম
দেশের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে।
রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ রবিবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
কেসিএনএ জানায়, কাঠামোগত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে শনিবারের (২৯ আগস্ট) এক বৈঠকে কিম জং উন এসব সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে নো কোয়াং চোলকে সরিয়ে শাসক দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপ-পরিচালক পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটব্যুরোর প্রধান কিম সং গি।
সামরিক প্রযুক্তি ও নতুন যুদ্ধাস্ত্র ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গবেষক ও কর্মকর্তাদের প্রশংসার পরপরই এই রদবদল ঘটে। কেসিএনএ জানায়, দেশটির অস্ত্র গবেষণাকেন্দ্র সম্প্রতি এমন কিছু অনন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা উত্তর কোরিয়ার যুদ্ধ করার সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেবে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পরপরই পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ সামনে এলো।
