রাজধানীর রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট
রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে ভোগান্তিতে পড়েছে অফিসগামী হাজার হাজার যাত্রী।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়ে। এতে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। সড়কে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় স্থির হয়ে থাকে।
দীর্ঘক্ষণ যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কেউ অফিসে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ জরুরি কাজে যেতে গিয়ে সময়মতো পৌঁছাতে না পারার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
যানজটের কারণে নতুনবাজার থেকে বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়।
