৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক জালালুর রশিদ খান : জামালপুর জেলার ইসলামপুর থানাধীন চুংরাপাড়া এলাকায় ২০১৮ সালে সংঘটিত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক তিন আসামি মো. জালাল মিয়া (৪২), পিতা-মৃত আক্তার আলী; মো. নুর ইসলাম (৩২), পিতা-মৃত উসমান শেখ; এবং মো. মোজাম্মেল হক (৪৮), পিতা-মৃত আছান আলী, সর্বসাং- আগুনের চর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জামালপুর ইউনিটের একটি চৌকস টিম গত ২৬/০৮/২০২৬ খ্রি. তারিখে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন নাপিতের চর এলাকা থেকে জালাল মিয়াকে এবং পরদিন ২৭/০৮/২০২৬ খ্রি. তারিখে সিআইডি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে নুর ইসলাম ও গাজীপুর কলেজ রোড এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ০২/০৭/২০১৮ খ্রি. তারিখ দুপুরে ভিকটিম তার স্ত্রী মোছা. তাহমিনা বেগমের সঙ্গে খাবার খেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বকশীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইসলামপুর থানাধীন চুংরাপাড়া সাকিনস্থ পুবেরবন্দ এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি তার স্বামী হিসেবে শনাক্ত করেন।
তদন্তে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে সংঘবদ্ধ অপরাধীচক্র পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
