যাত্রাবাড়ীতে গুলি করে হত্যা: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ০৩

0
image-412300

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নিহত ও মো. জাকারিয়া (৩৩) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ০৩ কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি এসব তথ্য জানান।

আহসান উদ্দিন সামি বলেন, যাত্রাবাড়ী থানার বাদল সরদার গলিতে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধারে অভিযান চালানো হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়া খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কাইল্লা রিয়াজ (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি চাপাতি, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে ডেমরা থানার পাড়া ডগাইর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কামরুল ও সাইফুল নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চারটি চাপাতি, ছয়টি ককটেল, দুটি সুইচ গিয়ার, একটি মোটরসাইকেল ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আহসান উদ্দিন সামি জানান, এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডোবা মিঠু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি বলেন, অভিযানে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তুগুলো বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করে নিষ্ক্রিয় (ডিফিউজ) করেছেন। পরে এসব আলামত সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!