বিদ্যুৎ নিয়ে কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

0
1789197383-cb16990198861dbcad8fbae0e020aac1

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেছেন, যে পরিস্থিতির মধ্যে দেশ আছে, সেটা আমি বলব একটা সংকট। সেই সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এবং কোথাও কোনো কন্সপিরেসি (ষড়যন্ত্র) হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে ১২ দলীয় জোট।

রিজভী বিদ্যুৎ খাতের ‘ষড়যন্ত্রের’ ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট আছে। কিন্তু বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে? এটা তো মাত্র ছয় মাসের সরকার।

দায়ী হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল আসে। এখন সেই জাহাজগুলো আসতে পারছে না। আমাদের ন্যাশনাল গ্রিডে গ্যাসের সরবরাহ এবং বিদ্যুতের জ্বালানি হিসেবে গ্যাস আমদানি করতে হয়, সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

এটার জন্য দায়ী তো তারেক রহমান নন। এটার জন্য দায়ী তো সরকার নয়।

তিনি বলেন, আরেকটি বিষয় আমার চোখে পড়েছে। আদানি পাওয়ার প্লান্টের কাছ থেকে যে বিদ্যুৎ আমরা কিনি, সেখানের বিদ্যুৎটা আসে ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে। সেটার একটা ইউনিট নষ্ট, সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

কতদিক থেকে সংকট! এখন আমার কাছে মনে হয়, এটার কোনো ঘটনা বা একটা রহস্য আছে কি না? কোনো স্যাবোটেজ হচ্ছে কি না? সব মানুষের মনে এই প্রশ্নটি দেখা দিয়েছে, কেন এখন একটার পর একটা বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি হচ্ছে। যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারের কাছ থেকে টাকা পায়, সে টাকা পরিশোধের ক্ষেত্রে কিস্তি আকারে শোধ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবেও যে চুক্তিটি আছে- ধরুন ভারতের সঙ্গে যে চুক্তিটি আছে, সেখানে তাদের যে পাওনা সেটাও সরকার দিচ্ছে। তাহলে এটা (লোডশেডিং) কেন হচ্ছে? মানুষের মনে যে প্রশ্নটা, সে প্রশ্নটার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, সুতরাং দেশ যে পরিস্থিতির মধ্যে আছে, সেটা আমি বলব এটা একটা কৃত্রিম সংকট। এই সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এবং কোথাও কোনো কন্সপিরেসি (ষড়যন্ত্র) হচ্ছে বলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!