*** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‌‘নির্বাচনী কমিটির’ কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে ইসির চিঠি ***

0
1790409050-86a7e35845df3feaf687ca28b43a075a

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম তদন্ত ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বকে বিচারিক কাজ হিসেবে গণ্য করার জন্য সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ইসির আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ৯১এ ও ৯১এএ ধারার ক্ষমতাবলে দুইজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন সিভিল জজকে নিয়ে তিনটি কমিটি গঠনের আদেশ জারি করেন।

গঠিত কমিটিগুলো নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট আইনের আওতায় নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমাকে। রুহিয়া উপজেলার দায়িত্বে থাকবেন সিভিল জজ মো. তোসিকুল আলম এবং ভূল্লী উপজেলার দায়িত্ব পালন করবেন রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান।

নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম ঘটলে তা তদন্ত করে তিন দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাতে হবে।

এ দায়িত্বকে আনুষ্ঠানিকভাবে বিচারিক কাজ হিসেবে গণ্য করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন।

উপনির্বাচনের তফসিল

  • ২৭ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমার শেষ দিন
  • ২৯ সেপ্টেম্বর: মনোনয়নপত্র যাচাই-বাছাই
  • ৩০ সেপ্টেম্বর–৪ অক্টোবর: আপিল
  • ৬ অক্টোবর: আপিল নিষ্পত্তি
  • ৭ অক্টোবর: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
  • ৮ অক্টোবর: প্রতীক বরাদ্দ
  • ২৯ অক্টোবর: সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!