বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক বর্তমান দিনকাল
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তা শেষ হয়।
এরপর স্বজনরা তাহসিফের মরদেহ নিয়ে উত্তরার বাসার উদ্দেশে রওনা হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফ সৌরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় নিহতের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।
তবে, তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
