নিখোঁজ রিদয়ানের সন্ধান চেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন

0
1000307513

সাইফুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তারাইল গ্রামের কলেজছাত্র রিদয়ান আনসারী (২৫) গত নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিবারের দাবি, গত নয় দিন আগে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নিখোঁজ হন রিদয়ান। তাঁদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে পরিবারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার পরও এখন পর্যন্ত রিদয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন তরুণ দীর্ঘ নয় দিন ধরে নিখোঁজ থাকা অত্যন্ত উদ্বেগজনক। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান না পাওয়ায় স্বজনদের উৎকণ্ঠা আরও বেড়েছে। তাঁরা রিদয়ানের দ্রুত সন্ধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রিদয়ান শুধু একটি পরিবারের সন্তান নন, তিনি এই এলাকারও সন্তান। তাঁকে সুস্থ ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিও জানান তাঁরা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিদয়ানের নিখোঁজ হওয়ার ঘটনার দ্রুত তদন্ত, তাঁর অবস্থান শনাক্ত এবং তাঁকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একটাই দাবি—আর কোনো অপেক্ষা নয়, নিখোঁজ রিদয়ান আনসারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!