মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চৌদ্দগ্রাম প্রতিনিধি (কুমিল্লা) | দৈনিক বর্তমান দিনকাল
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে হাফেজ কবির (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাশিনগর বাজারের বিজলী বাসস্ট্যান্ড সংলগ্ন কাশিনগর মারকাজুল উলুম হাফেজিয়া মাদরাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদরাসার হেফজ বিভাগের দুই আবাসিক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন শিক্ষক হাফেজ কবির। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুরা এতদিন বিষয়টি গোপন রাখে। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তারা পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিশুদের পরিবার, অন্য অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে রবিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তাঁরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল রাতে কাশিনগর বাজারের বিজলী বাসস্ট্যান্ড এলাকায় এসে ওই মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
