কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৩৫৩

0
Untitled-1-6acc6cd8a5abb

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরো ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।

সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকাকে অভিযানের আওতায় আনা হয়েছে।

আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত ৯ দফায় পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৬৪৯ জন কিশোরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!