গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভের পঞ্চম দিনে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।
