‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

0
emraan-hashmi-birthday-2024-03-46edadb6d2bc8466e01c3f875dfb064d-3x2

বলিউডে ফিরছে ইমরান হাশমির অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজি। নির্মাতারা এবার পরিকল্পনা করছেন তৃতীয় কিস্তি ‘জান্নাত ৩’ নিয়ে।

প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে এগোতে চাইছেন নির্মাতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিশেষ ভাট।

‘জান্নাত ৩’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিশেষ ভাট জানান, এ নিয়েই বর্তমানে কাজ চলছে।

অর্থাৎ গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো চলমান।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি।

অর্জুন-জোয়ার প্রেম এবং অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

প্রথম কিস্তির সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত সিনেমাটিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেছেন বিশেষ ভাট। তার দাবি, সিনেমাটি দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। বরং নিজেদের অর্থ বিনিয়োগ করেই ছবিটি তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি। তবে সিনেমাটি নির্মাণের পর বাজারে আগ্রহ তৈরি হয়।

এদিকে ‘জান্নাত ৩’-এর খবর সামনে আসতেই ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে তৃতীয় কিস্তিতে ইমরান থাকছেন কি না, থাকলে তার চরিত্র কী হবে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে প্রযোজকের বক্তব্যে স্পষ্ট, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। এখন অপেক্ষা, দীর্ঘ বিরতির পর সেই পরিচিত জগতে দর্শককে নতুন গল্প নিয়ে ফিরিয়ে আনতে নির্মাতারা কী চমক হাজির করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!