২টি এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ভাড়া নিচ্ছে ভারত
ভারতীয় নৌবাহিনীর বহরে আরো দুটি এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩০ মাসের জন্য ভাড়ায় নেওয়া এই দুটি চালকবিহীন বিমান ভারতীয় নৌবাহিনীর দীর্ঘপাল্লার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের সঙ্গে চুক্তি করেছে ভারত। সোমবার নয়াদিল্লিতে চুক্তিটি সই হয়। এর মূল্য প্রায় ১ হাজার ৯৪৩ কোটি রুপি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দুটি ড্রোন ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক এলাকায় নিয়মিত নজরদারি ও অনুসন্ধানে ব্যবহার করা হবে।
এমকিউ-৯বি সিগার্ডিয়ান একটি চালকবিহীন বিমান ব্যবস্থা। এটি অনেক উঁচুতে দীর্ঘ সময় উড়তে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধানের পাশাপাশি নির্ভুল হামলাতেও এই ড্রোন ব্যবহার করা যায়।
ড্রোনটিতে উন্নত সেন্সর ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি রয়েছে। এটি একটানা ৩০ ঘণ্টার বেশি সময় আকাশে থাকতে পারে এবং ৪০ হাজার ফুটের বেশি উচ্চতায় উড়তে পারে। দীর্ঘ সময় আকাশে থাকার কারণে এটি সমুদ্র ও স্থলভাগের বড় এলাকা পর্যবেক্ষণ করতে পারে। সামুদ্রিক টহল ও অনুসন্ধানের জন্যও এতে বিশেষ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সাবমেরিনবিরোধী যুদ্ধের সক্ষমতাও রয়েছে।
