উত্তরায় ৮ মাদক কারবারি ও ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
রাজধানীর উত্তরায় মাদকবিরোধী অভিযানে আটজন মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান শেষে তাদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তরার ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া আটজন হলেন—মো. মাসুদ (২৪), মো. ফারুক হোসেন (৩২), মো. নাজমুল হক (২৭), মো. মনির হোসেন (৫৫), মোফিদুল ইসলাম (৩০), মো. ইমন (২৩), মো. শাকিল (২৬) এবং মো. নয়ন (২২)।
এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তরা নাভানা সিএনজি পাম্প এলাকায় অভিযান চালিয়ে এই আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আসামিদের অপরাধের ধরন বিবেচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সাজা ঘোষণার পর আসামিদের ঢাকার কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে পাঠায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এ কর্মকর্তা আরো জানান, মাদকের বিস্তার রোধ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে উত্তরার মতো জনবহুল এলাকায় এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
