গাইবান্ধায় ৪০০ ইয়াবাসহ বাসযাত্রী আটক
গাইবান্ধার পলাশবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ ছামিউল হক (৩৮) নামের এক মাদককারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
ছামিউল হক সুন্দরগঞ্জ উপজেলার সীচা (মণ্ডলপাড়া) এলাকার হবিবর রহমানের ছেলে। রবিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের হাজীর বিল্ডিং এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকালে সিপিসি-৩, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল হাজীর বিল্ডিং এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের যাত্রী ছামিউল হকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় ছামিউল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
