কেরানীগঞ্জে প্রাক্তন স্ত্রী হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যা মামলায় স্বামী ঘাতক সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার। গ্রেপ্তার ঝালকাঠির নলছিটির গোপালপুর এলাকার কালাম হাওলাদারের ছেলে।
তিনি জানান, সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই তিনি তাকে তালাক দেন। পরবর্তীতে ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন।
তিনি আরো জানান, গত ২৪ সেপ্টম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মোবাইল থেকে তার পরিবারকে সাইফুল জানান, তিনি সুমাকে হত্যা করে মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভুক্তভোগীর ভাড়াবাসায় রেখে গেছেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় রিহতের মা আসামি সাইফুল হাওলাদার সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দক্ষিন কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
