খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে ঢুকে ফখরুল ইসলাম (৩২) নামে এক যুব্ককে গুলি করে হত্যার ঘটনায় আব্দুর রহমান নামে (৩০) একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৬ জানিয়েছে, আব্দুর রহমাকে ওই হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম।
এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন ফখরুল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ফখরুল হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
