মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার-২

0
1792058031-4c265bb89bb0ea6c7feb41847632490d

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় নদী থেকে একটি বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন ছনপাড়া গ্রামের পূর্বপাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের মূল কারিগর ও সংশ্লিষ্ট প্রকৌশলীসহ বেশ কয়েকজন পালিয়ে যান।

গ্রেপ্তাররা হলেন– কুষ্টিয়ার দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক (২৪) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫২)।

নৌ পুলিশ সূত্রে জানা জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নৌ পুলিশের টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ‘এম-০১-২৬২২থ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি বোট, একটি হাউস বোট, বালু বহনের ১ হাজার ফুট পাইপ এবং সদ্য উত্তোলিত ৭ হাজার ৫০০ ঘনফুট বালু ও মাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নৌ পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এজাহার দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত ও পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!