কক্সবাজারে সড়কে ডাকাতি লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার, আটক ২

0
images (3)

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতির ঘটনায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান লুণ্ঠিত মালামাল উদ্ধারের বিষয়টি আজ সকালে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে হিমছড়ি ঢালায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ হিমছড়ি ঢালাসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।

দীর্ঘ সময় ধরে চলা এ অভিযানে পাহাড়ি এলাকার বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।

ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে নারীদের ব্যবহৃত ব্যািগ ও অলংকার রয়েছে।

ডাকাতির শিকার ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ডাকাতদলে ১২ থেকে ১৫ জন সদস্য ছিল। তারা অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রীর কাছ থেকে মালামাল লুট করে।

মুখোশধারী ডাকাতেরা সিএনজিচালিত অটোরিকশা, জিপ ও মোটরসাইকেলের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

পরপর দুই দফা ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!