এআই ব্যবসা বাড়াতে নতুন শেয়ার ছাড়ছে মেটা, নজরে মিউজ

0
images (3)

দৈনিক বর্তমান দিনকাল প্রতিবেদন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন ধরনের শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এআই কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নতুন এআই এজেন্ট ‘মিউজ’।

ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম এই প্রযুক্তিকে ঘিরে বড় ব্যবসার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) মেটা জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন শ্রেণির নন-ভোটিং ক্লাস সি শেয়ার ইস্যু করা হবে। এর ফলে কার্যত শেয়ারের সংখ্যা দ্বিগুণ করার মতো পরিস্থিতি তৈরি হবে। তবে নতুন শেয়ারগুলোতে ভোটাধিকার থাকবে না।

অধিগ্রহণ, কর্মীদের ধরে রাখা এবং এআই খাতে বড় বিনিয়োগের অর্থ জোগাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণও বজায় থাকবে।

মেটার নতুন এআই এজেন্ট অ্যাপ মিউজ দ্রুত জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় মাত্র ছয় সপ্তাহে ১ কোটির বেশি মানুষ মিউজ অ্যাকাউন্ট খুলেছেন।

ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে এই সেবাকে বড় ব্যবসায় পরিণত করার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

জাকারবার্গের ধারণা, একসময় বিশ্বের কোটি কোটি মানুষ মিউজ ব্যবহার করতে পারেন। তাঁর মতে, ব্যবহারকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়লে এই নেটওয়ার্ক আরও মূল্যবান হয়ে উঠবে। এতে একজন সাধারণ মেটা ব্যবহারকারীর তুলনায় মিউজের ব্যবহারকারীদের কাছ থেকে বেশি আয় করার সুযোগও তৈরি হতে পারে।

তবে মিউজ পরিচালনার খরচ মেটার অন্যান্য নতুন পণ্যের তুলনায় বেশি বলে স্বীকার করেছেন জাকারবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!