গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান অভিযুক্ত স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার রাসেল মাহমুদ বয়াতী (৫১) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ উদ্দিন বয়াতীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, প্রায় এক বছর আগে ফারহানা ইয়াসমিন শিলাকে বিয়ে করেন রাসেল। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করতেন তিনি। গত ৩০ অক্টোবর সকালে ফারহানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বজনরা রাঙ্গাবালী থানায় মামলা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান রাসেল। অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। একপর্যায়ে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর রাসেল মাহমুদ বয়াতীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
