লামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সোহেল রানা চট্টগ্রাম বিভাগীয় সহকারী
বান্দরবানের লামায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভুজ বড়ুয়া এবং সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
