হত্যা ও নাশকতা মামলায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।\
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন—দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার এলাহাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আল-আমিন অভি (২৯), এবং দেবীদ্বার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও একই ইউনিয়নের বাগুর গ্রামের বাবুল সরকারের ছেলে মো. আশরাফুল সরকার রাতুল(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম সাব্বির মারা যান। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আটক আল-আমিন অভি এজহারভুক্ত ৪৪ নম্বর আসামি ছিলেন।
ঘটনার পর থেকে অভি পলাতক ছিলেন। তাছাড়া সম্প্রতি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের পর মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী মামলায় ১৯ নম্বর এজাহার নামীয় আসামিও অভি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দেবীদ্বার থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় ছাত্রলীগের প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির তদন্তে পাওয়া আসামি আশরাফুল সরকার রাতুলকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘সাব্বির হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আল-আমিন অভি ও নাশকতা মামলায় রাতুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’
