কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মোঃ সাইমুন (২৩)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মোঃ সাখাওয়াত হোসেন রায়হান ও মোঃ সাইমুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রায়হান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। অপর গ্রেফতারকৃত মোঃ সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানা যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
