চট্টগ্রামে ডেকে নিয়ে কিশোরকে খুন, গ্রেফতার ৬
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়ারল্যাস এলাকায় মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার স্থানীয় বাসিন্দা। সে ভ্যানে সবজি বিক্রি করতো। এই ঘটনায় পুলিশ বুধবার দুপুর পর্যন্ত ছয় জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, হৃদয় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত ছিলো। মঙ্গলবার রাতে বাসায় ফিরে রাতের খাবার খাওয়ার সময় হৃদয়ের পরিচিত আরেক কিশোর তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর হৃদয়কে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা খবর পান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে জানা গেছে। তবে তদন্ত এখনো চলমান। পুরোপুরি তদন্তের আগে নিশ্চিতভাবে হত্যাকান্ডের কারণ বলা যাচ্ছেনা। আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন আছে।
