এনআইডির বয়স সংশোধন করা যাবে নিজ এলাকাতেই

0
NID-20260803062025

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে আবেদনকারীরা নিজ নিজ এলাকাতেই বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তির সুযোগ পাবেন।

গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) সম্পূর্ণ অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবা গ্রহণে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

সিনিয়র সচিব জানান, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের জন্য নির্ধারিত ফরমে আবেদনকারীর পারিবারিক তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দিতে হবে, যাতে তথ্য যাচাই আরও সহজ হয়। এ সেবার জন্যও নির্ধারিত ফি রাখা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারাই এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এতে আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা ও কেন্দ্রীয় জটিলতা অনেকটাই কমবে।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এর ফলে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং প্রবাসীদের সেবা গ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!