ব্রাজিলের প্রতিশোধ নাকি জাপানের ইতিহাস
সবশেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল জাপান। আজ সোমবার (২৯ জুন) রাতে আবারও মুখোমুখি দুই দল। ব্রাজিল চাইবে জিতে হারের প্রতিশোধ নিতে, আর জাপানের সামনে খোলা ইতিহাসের পাতা।
এর আগে চার বার বিশ্বকাপের নকআউটে উঠেছিল জাপান। কিন্তু প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে সামুরাই ব্লুদের। এবার বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে হারালে জাপান লিখবে নতুন ইতিহাস। তাদের সেই স্বপ্নের বেলুনে হাওয়া দিচ্ছে কানাডার জয়।
নকআউটের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল কানাডা। সেই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে গোল দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা। এরমধ্য দিয়ে এবারই প্রথম নকআউটে জয় পেল কানাডা।
এখন বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর উত্তর আমেরিকায় আরেকটি রোমাঞ্চকর ম্যাচের দিকে। টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় এই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
সামুরাই ব্লুর বিপক্ষে আগের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। এছাড়া বিশ্বকাপে এএফসি অঞ্চলের দলগুলোর বিপক্ষে তাদের চারটি ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে জাপান আত্মবিশ্বাস পেতে পারে একটি বিষয় থেকে—ব্রাজিলের বিপক্ষে তাদের একমাত্র জয়টি এসেছে দুই দলের সবশেষ সাক্ষাতে গত অক্টোবরে। যদিও সেটি ছিল একটি প্রীতি ম্যাচ।
বিশ্বকাপে কনমেবল অঞ্চলের দলগুলোর বিপক্ষে জাপানের হতাশাজনক রেকর্ড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এ ধরনের পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই তারা হেরেছে। পাশাপাশি বিশ্বকাপের এই নকআউট পর্বেও তাদের সংগ্রামের ইতিহাস রয়েছে।
তবে হাজিমে মোরিয়াসুর দলের সামনে এবার ইতিহাস বদলে দেয়ার সুযোগ রয়েছে। আগের চারটি প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর এবার তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিততে চায়।
