ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

0
images

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে হত্যার চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগেই সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে, হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে এক হাজার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই লক্ষ্যবস্তু তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।’

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বছর বা প্রয়োজন অনুযায়ী আরও দীর্ঘ সময় ধরে ইরানের বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা ও প্রস্তুতি রাখে।

এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে মন্তব্য করলেও পরে ওয়াশিংটন জানায়, তেহরানের অনুরোধে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে, যাতে দাবি করা হয়েছে ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছে ইরান।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। এতে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির লক্ষ্যে উভয় পক্ষ সম্মত হয়। ওই সমঝোতায় সব ধরনের সংঘর্ষ বন্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

তবে চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!