নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে জানা গেছে, ইয়াইর এখন থেকে ‘ইয়োনাতান হোন’ নামে পরিচিত হবেন।
বিশ্বজুড়ে নেতানিয়াহু নামের ক্রমবর্ধমান রাজনৈতিক ও আইনি জটিলতা থেকে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হারেৎজ জানায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসেও ট্যাক্স বা কর সংক্রান্ত কাগজপত্রে তার নাম ‘ইয়াইর নেতানিয়াহু’ হিসেবেই নথিভুক্ত ছিল। তবে চলতি বছর একই পরিচিতি নম্বরের অধীনে তার নতুন নাম ‘ইয়োনাতান হোন’ দেখা যায়। এমনকি নথিতে তার ঠিকানা হিসেবে ‘বেলফোর ০’ নামের একটি কাল্পনিক ঠিকানাও ব্যবহার করা হয়েছে।
অবশ্য ইয়াইর এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের শেষে ‘হুন’ পদবি ব্যবহার করেছিলেন। এই হুন পদবিটি মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা শামুয়েলের আদি পারিবারিক নাম ছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে ‘বেন আর্টজি’ রাখা হয়।
