চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার একটি ফ্লাটে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরীকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমিত সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকার বাসিন্দা। তারা গোসাইলডাঙ্গা এলাকার ভাড়া বাসায় থাকতেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ছেলে সুমিত। ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দিলে সোমনাথ তার মাকে খাটের উপর বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল। সেসময় সুমিত তার ভাইকে জানায়, সে তার মাকে খুন করেছে এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে সুমিতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এই ঘটনায় মামলা দায়েরের পর ২০১৭ সালের ২৩ জুলাই আদালতে সুমিতের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে মাকে কুপিয়ে গলা কেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে সুমিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
