কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি মুহিদ ৪ দিনের রিমান্ডে
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে হত্যা মামলার আসামি মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল এই আদেশ দেন।
মুহিদ হাসান বণি (২০) সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার ফিরোজউদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মুহিদ হাসান রণিকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট করে।
তাকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ মামলার প্রধান আসামি নাহিদ হাসান, তার সহযোগী অমিত হাসান শিপনকে মঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।
