হত্যা মামলায় তিন সহোদরের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক শামছুদ্দিন আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
রায় ঘোষণার সময় ১৩ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
নিহত শফি নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামের মো. হযরত আলীর ছেলে।
অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু।
তারা একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এদের মধ্যে রিপন পলাতক অবস্থায় রয়েছেন।
এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।
এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন ২৬ ফেব্রুয়ারি নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সৌমেন্দ্র কিশোর চৌধুরী। তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তি-তর্ক শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘১৬ জনের সাক্ষ্য শেষে আজ এই রায় ঘোষণা করা হয়েছে। আমরা এর মাধ্যমে একটি সঠিক ও কাঙ্খিত ন্যায়বিচার পেয়েছি।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল আজিজ টুটুল (পিপি) এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, তারা এই রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ এবং খুব দ্রুতই উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করা হবে।
