সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

0
markin-rashtrduut-1792391238

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁয়ের এই দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লীও ঘুরে দেখেন।

সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূত তার প্রতিনিধিদল নিয়ে প্রথমে ঐতিহাসিক পানাম নগরীর বিভিন্ন প্রাচীন ভবন ও স্থাপনা পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন এম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, মার্কিন রাষ্ট্রদূত ফাউন্ডেশনের জামদানি পল্লী ঘুরে দেখেন এবং শিল্পীদের নিপুণ হাতে তৈরি জামদানী শাড়ির নিখুঁত কারুকাজ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরো জানান, সময়স্বল্পতার কারণে রাষ্ট্রদূত বড় সরদার বাড়ি ও ফাউন্ডেশনের মূল জাদুঘরে প্রবেশ করতে পারেননি। তবে পরবর্তীতে আবারও এখানে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, মার্কিন রাষ্ট্রদূত খুব অল্প সময় পানাম নগরীতে অবস্থান করেছেন। এটি ছিল মূলত তার পরিবার নিয়ে একটি ব্যক্তিক্রমী ও পারিবারিক সফর। তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে পানাম নগরীর বিভিন্ন ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন এবং সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!