চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে দাউ দাউ আগুন

0
images

হঠাৎ সড়কের নিচ থেকে বের হয়ে আসতে থাকে গ্যাস। কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে। আজ রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপ ফেটে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে বের হওয়া আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার জন্য যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা পার হয়।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাঁদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুলের ভাষ্য, সড়কের এক পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরই মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে।

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী প্রথম আলোকে বলেন, কীভাবে পাইপ ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!