শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার পর যে প্রতিশ্রুতি দিলেন শিবা ও জয়
দীর্ঘদিন পর টানা একমাস এফডিসির প্রাঙ্গণ তারকাসমাগমে জাঁকজমকপূর্ণ দেখা গেছে। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নায়ক জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান ১৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম ১৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এ সময় তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি আগামী দিনে সাধারণ শিল্পীদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভোটারদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নতুন সভাপতি শিবা শানু। এ খলঅভিনেতা বলেন, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে, তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কীভাবে রাখব, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে।
তিনি বলেন, এই যে গলায় ফুলের মালা, এটা আমার এখনো পরার সময় হয়নি। আমি এটা সেদিনই শিল্পীদের কাছ থেকে পরব, যেদিন তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারব।
