ঝিনাইদহের পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া পরেই পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

0
710_original_1651854548

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন এক আসামি। গতকাল শুক্রবার রাতে সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে তিনি পালিয়ে যান। ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া আসামির নাম ফরিদ হোসেন (২৮)। তিনি কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ হোসেন কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার রাত আটটার দিকে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালায় সাবদারপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে স্থানীয় একটি বাজারসংলগ্ন স্কুলের পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়।

তবে ওই রাতেই হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ফরিদ হোসেন। ঘটনার পর থেকে তাঁকে আবার গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ বিষয়ে কথা বলতে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ‘ফরিদ হোসেন নামের একজন আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়েছেন বলে জানতে পেরেছি। তবে তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছি না। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!